ছবি: সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে ঐশী আক্তার (২৫) নামের এক নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সোহেল খানের (২৮) বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, মারধরে গুরুতর আহত হওয়ার পর চার দিন তাঁকে চিকিৎসা না দিয়ে বাড়িতে আটকে রাখা হয়। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা সামনে আসে।
নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। তাঁর তিন মাস বয়সী একটি সন্তান রয়েছে। অভিযুক্ত সোহেল খান কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি।
নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার চার দিন আগে দাম্পত্য কলহের জেরে ঐশীকে মারধর করেন সোহেল। এ সময় তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় তাঁর। তবে তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই রাখা হয়।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোরে ঐশী হঠাৎ জ্ঞান হারালে তাঁকে সকালে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঐশীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News