ছবি: সংগৃহীত
গাইবান্ধার পলাশবাড়ীতে পুরুষ পরিচয়ে এক নারীর আরেক নারীকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় চাঁদনী আক্তার নামে ওই নারীকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং তওবা পড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কাবিননামার তথ্য অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীমের মেয়ে চাঁদনী আক্তার নাম পরিবর্তন করে রাসেল পরিচয়ে গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন।
পরে তাঁদের বিয়ের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রের দাবি, চাঁদনীর বাবা ইব্রাহীম খলিল প্রথম বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনার মীমাংসার জন্য স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে লাবনীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চাঁদনীকে বাঁশের কঞ্চি দিয়ে মারধর করার অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শী হাসান বলেন, সালিশ চলাকালে চাঁদনীকে বাঁশের বেত দিয়ে মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। এ ছাড়া তাঁকে প্যান্ট-শার্ট পরতে নিষেধ করেন সালিশকারীরা বলে তিনি দাবি করেন।
সালিশে উপস্থিত পলাশবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয় লোকজনের উপস্থিতিতে চাঁদনীকে তওবা পড়ানো হয়েছে।
তবে এ বিষয়ে বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি জানেন না; সাংবাদিকের কাছ থেকেই প্রথম শুনেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি তিনি দেখেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে, সালিশের নামে কাউকে মারধর বা অপমান করার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না। এ বিষয়ে পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর স্থানীয়দের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News