ছবি: সংগৃহীত
কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় সুমন নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) রাতে কক্সবাজার থেকে বাসে কুমিল্লায় ফেরে তাজমিন। রাত সাড়ে ১০টার দিকে পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে সে। তবে বাড়িতে আর ফেরা হয়নি তার। পরদিন বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাজমিন যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ার আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় থাকত সে। স্থানীয় ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল তাজমিন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অটোরিকশায় ওঠার পর চালক সুমন বাড়ির দিকে না গিয়ে অন্য পথে যেতে শুরু করেন বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি বুঝতে পেরে রাত ২টা ৫৮ মিনিটের দিকে বাবার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে নিজের লাইভ লোকেশন শেয়ার করে তাজমিন। তাকে নিয়ে যাওয়ার অনুরোধও জানায় সে। তবে ঘুমিয়ে থাকায় তখন বার্তাটি দেখতে পাননি তার বাবা।
পুলিশের ধারণা, অটোরিকশাটি বিজরা, রসুলপুর ও শিকারীপাড়া হয়ে জগতপুরের ধানক্ষেতের দিকে যায়। ঘটনাস্থলের আশপাশের কয়েকটি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, তাজমিনের গলায় গামছা প্যাঁচানো ছিল। একপর্যায়ে গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে জব্দ করা অটোরিকশার নিবন্ধন ও মালিকের সূত্র ধরে চালক সুমনের সন্ধান পায় পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরী থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের আইফোন উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
প্রথম দিকে চালক সুমন একাই এ ঘটনায় জড়িত বলে ধারণা করলেও পরে কললিস্ট বিশ্লেষণে অন্য ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথাও জানিয়েছেন পুলিশ সুপার। তবে অন্য কেউ জড়িত কি না এবং হত্যার প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ ঘটনায় তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। মেয়েকে হারিয়ে শোকাহত বাবা জানিয়েছেন, তিনি অনুমানভিত্তিক অভিযোগ করতে চান না; বরং প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তদন্তের অগ্রগতি ও অন্য কারও সংশ্লিষ্টতা সম্পর্কে সেই সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য পাওয়ার কথা রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News