ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে শামীম ফিরোজ তালুকদার হত্যা মামলায় সেরনিয়াবাত মঈনউদ্দীন আবদুল্লাহ ওরফে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১-এর বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কারাগার থেকে মঈনউদ্দীন আবদুল্লাহকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিম আহমেদ তাঁকে শামীম ফিরোজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। পরে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে রাস্তা পার হওয়ার সময় গুলিবিদ্ধ হন শামীম ফিরোজ তালুকদার (৪০)। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে উদ্ধার করে স্থানীয় আলোক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, পুলিশ কর্মকর্তা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের আসামি করে মামলা করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, শামীম ফিরোজ হত্যাকাণ্ডে মঈনউদ্দীন আবদুল্লাহর সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। এ কারণে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। তবে অভিযোগের বিষয়ে আদালতে তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে, এমন কোনো তথ্য নেই।
এর আগে ২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হন মঈনউদ্দীন আবদুল্লাহ। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News