ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা অজয় দেবগণের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির দশম দিনেই বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৪৮০ কোটি রুপিতে পৌঁছেছে। ভারতের বক্স অফিসে ৩০০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে এটি অজয়ের অভিনয়জীবনের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির দশম দিনে ভারতে ১৪ হাজার ৮৭২টি শো থেকে ছবিটি আয় করেছে ২২ কোটি ৫০ লাখ রুপি। এতে দেশটির বাজারে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি।
একই দিনে বিদেশের বাজার থেকে ছবিটির আয় হয়েছে ৬ কোটি রুপি। ফলে আন্তর্জাতিক বাজারে এর মোট আয় দাঁড়িয়েছে ১০৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০২৬ সালে ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা চতুর্থ হিন্দি ছবি এটি। এর আগে ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ ও ‘হনুমান অংশ’ এই মাইলফলক অর্জন করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এর আগে অজয় দেবগণের সফল চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’। নতুন এই সাফল্যের মধ্য দিয়ে সেই ছবিকে ছাড়িয়ে অভিনেতার ক্যারিয়ারে বক্স অফিসে নতুন উচ্চতা তৈরি করেছে ‘দৃশ্যম ৩’।
ছবিটিতে অজয় দেবগণের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয়ও প্রশংসা পেয়েছে। চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি তাঁর পর্যালোচনায় দর্শকদের অজয়ের অভিনয় উপভোগ করার পাশাপাশি জয়দীপের অভিনয়ের জন্যও ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন।
অভিষেক পাঠকের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিও ও স্টার স্টুডিও। এতে অজয় ও জয়দীপের পাশাপাশি অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। তবে আগের কিস্তিগুলোর ধারাবাহিকতার বাইরে এবার গল্পে আনা হয়েছে মৌলিকত্ব। ২০১৫ সালে প্রথম পর্ব মুক্তির পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
বক্স অফিসে ধারাবাহিক সাফল্য এবং তারকাদের অভিনয় দুইয়ের সমন্বয়ে ‘দৃশ্যম ৩’ এখন অজয় দেবগণের ক্যারিয়ারের অন্যতম আলোচিত চলচ্চিত্র।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News