ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে ব্যবহার করে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। বিয়ের প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে ভুয়া কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পাওয়া গেছে।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ নিখোঁজের ঘটনাটি তদন্ত শুরু করে।
এরই মধ্যে সোমবার রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। পরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। এরপর নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এদিকে তাঁকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে একই ধরনের অভিযোগ করেন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News