ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতার বাড়িতে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগুন-সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে এ অভিযান চালানো হয়। নুর মোহাম্মদ সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক।
আটক ব্যক্তিরা হলেন মো. রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)। তাঁরা ওই এলাকার বিভিন্ন বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের একজন নিশাদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি পেশায় পোশাকশ্রমিক। মুন্না নামে এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিভিন্ন সময় মিটিং-মিছিলে নিয়ে যেতেন। কিছুদিন আগে বিএনপি নেতা নুর মোহাম্মদের বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন তাঁরা।
নিশাদের দাবি, মুন্নার এক ভাই স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁরা ওই বাড়িতে নিজেদের নিরাপদ মনে করতেন। সেখানে দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলের ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁদের গ্রুপ চ্যাটিংয়ের তথ্য-প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News