ছবি: সংগৃহীত
বিদেশে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি ও মিথ্যা তথ্য তৈরি করে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তাদের সেই চেষ্টা সফল হবে না।
রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘চিরভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
বক্তব্যে তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানকারীরা এআই প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছেন। অতীতেও ইতিহাস ও তথ্য বিকৃত করে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল। এখনো একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে।
রিজভী আরও অভিযোগ করেন, তাঁর সঙ্গে কারাবাস করা মনির নামের এক কর্মীকে গুম করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জে কয়েকজনকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দেশে আগে যে গুমের প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
তবে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করেন রিজভী। তাঁর ভাষ্য, নানা ঘটনার পরও সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অতীতের শাসনামলে এমন ঘটনায় ক্রসফায়ার বা রক্তপাতের মতো পরিস্থিতি তৈরি হতো বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News