ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসব হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। হুমকির বার্তায় ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহমুদা মিতু। একই সঙ্গে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোই পরিচয়ে পাঠানো একটি বার্তা রয়েছে।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু জানান, গত সাত দিন ধরে তাঁকে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে উল্লেখ করেন।
পোস্টে তিনি জাতীয় সংসদের সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর ভাষ্য, সংসদে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় জুলাইয়ের সমন্বয়ক হান্নান মাসউদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের প্রসঙ্গ তুলে তাঁদের অপমান করার প্রতিবাদ জানান।
মাহমুদা মিতু আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে ও তাঁর পরিবারকে নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে। বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তার অনিশ্চয়তা নিয়েই রাজনীতি করতে হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
এদিকে লরেন্স বিষ্ণোই ভারতের একটি আলোচিত অপরাধী চক্রের প্রধান। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর নাম আলোচনায় আসে। হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তবে মাহমুদা মিতুকে পাঠানো হুমকির সঙ্গে লরেন্স বিষ্ণোই কিংবা তাঁর গ্যাংয়ের সরাসরি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা এবং হুমকির উৎস শনাক্ত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News