ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের যৌথ তদন্ত কমিটি। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে পুড়ে যাওয়া বাড়ির বিভিন্ন অংশ ঘুরে দেখেন কমিটির সদস্যরা। এ সময় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নথিভুক্ত করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যান তদন্ত কমিটির সদস্যরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা চার সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরাফুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।
তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার কমিটি গঠন করেছে। শুক্রবার থেকেই তদন্তকাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা রয়েছে।
কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বিভিন্ন ব্যক্তির বক্তব্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন সংস্থার সহায়তায় তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল কাজ করছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আটজন শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। সংসদ সদস্য ও তাঁর পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে যৌথ কমিটি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News