ছবি: সংগৃহীত
বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের সঙ্গে দেখা করতে থানায় গিয়ে আটক হন আরও দুজন। এ নিয়ে মোট সাতজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা ও কোতোয়ালি মডেল থানায় এসব ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ এবং ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার জুমার নামাজের সময় জাগুয়া এলাকায় অ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে একটি ব্যানার ও মাস্ক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওসির ভাষ্য, ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’ লেখা ছিল। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচির বলে প্রচারের পরিকল্পনা ছিল তাঁদের।
পুলিশ জানায়, পাঁচজনকে থানায় নেওয়ার পর তাঁদের সঙ্গে দেখা করতে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন থানায় আসেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পরে তাঁদেরও আটক করা হয়।
ওসি মনিরুল ইসলাম জানান, আটক সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের এবং তাঁদের গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News