ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে ট্রাকের ধাক্কায় অনলাইন সংবাদমাধ্যম ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের মধ্যে রয়েছেন মাহমুদা খানম, তাঁর মেয়ে আল আকসা এবং প্রমিলা রানী (৩০)।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের কৈকিল্লা দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা খানম পঞ্চগড় বিসিক শিল্পনগরের হিসাবরক্ষক ছিলেন। তাঁর স্বামী আলী আজগর খোকন অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার। তাঁদের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার সাকোয়া বাজার থেকে বোদা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায় এবং আটজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মাহমুদা খানম ও তাঁর মেয়ে আল আকসাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁদের মৃত্যু হয়। একই দিন রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রমিলা রানী।
দুর্ঘটনায় আহত অন্য ব্যক্তিরা হলেন আয়শা (২), রহিদুল ইসলাম (৪৮), নাসরিন আক্তার (৪৬), তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং আক্তারুজ্জামান (৩৩)। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একই পরিবারের মা-মেয়েসহ তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News