ছবি সংগৃহীত
একটি রাস্তার অভাবে যেন অবরুদ্ধ হয়ে পড়েছে আটটি পরিবারের জীবন। চারদিকে বসতবাড়ি, অথচ বাড়ি থেকে বের হওয়ার নেই স্বাভাবিক পথ। বর্ষা এলে নৌকাই হয়ে ওঠে তাদের চলাচলের একমাত্র ভরসা। শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত—সবকিছুতেই পোহাতে হয় চরম দুর্ভোগ। এভাবে প্রায় ২০ বছর ধরে মানবেতর জীবনযাপন করছেন ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্বলকাঠি গ্রামের আটটি পরিবারের সদস্যরা।
দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি এবং চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সম্বলকাঠি গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মো. মোফাজ্জেল খানের ছেলে মো. নজরুল ইসলাম, মানিক খানের ছেলে নাসির খান ও শাহ আলম খান, মৃত সেকেন্দার আলীর ছেলে মো. বাবুল খান, আব্দুল মান্নান খান, বশির খান, শাহাজাহান খানের ছেলে লিটন খান, মৃত ইসমাইল খানের ছেলে মো. খোকন খান, ইসকান্দার আলী খানের ছেলে আব্দুর রাজ্জাক খান, মো. শফিকুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, প্রায় দুই দশক ধরে তারা চলাচলের রাস্তা নিয়ে চরম সংকটে রয়েছেন। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া বাড়ি থেকে বের হওয়ার উপায় থাকে না। শুকনো মৌসুমেও স্বাভাবিক চলাচলে রয়েছে নানা প্রতিবন্ধকতা। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় পরিবারের শিশু-কিশোরদের। প্রতিদিন জীবনের ঝুঁকি ও নানা ভোগান্তি পেরিয়ে তাদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোনো যানবাহন বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে না। এমনকি রাস্তার অভাবে সামাজিক ও পারিবারিক যোগাযোগও বাধাগ্রস্ত হচ্ছে। ভুক্তভোগীদের দাবি, মেয়েদের বিয়ের প্রস্তাব আসার ক্ষেত্রেও বাড়িতে যাতায়াতের পথ না থাকার বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে।
তাদের অভিযোগ, স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অসহায় পরিবারগুলোর চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। পাশাপাশি পাশের বাড়ির ধীরেন শীল, সুধীর শীল, পরিমল শীল ও মনিকা শীলকে প্রভাবিত করে রাস্তার জন্য জমি দিতে বাধা দেওয়া এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা জানান, তাদের বাড়ি থেকে চৌকিদার নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত পূর্ব থেকেই একটি চলাচলের পথ রয়েছে। ওই পথের শেষ প্রান্তে অবস্থিত ছোট একটি সরকারি খালের ওপর সাঁকো বা পুল নির্মাণ করে সংযোগ স্থাপন করা গেলে এবং পরবর্তী অংশে নুরুল ইসলাম অথবা ধীরেন শীলদের জমির ওপর দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের সমস্যার সমাধান সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট জমির মালিকদের পরিত্যক্ত জমির বাজারমূল্যের চেয়েও বেশি টাকা দিতে আগ্রহী তারা। অর্থাৎ বিনা মূল্যে জমি দাবি নয়, বরং ন্যায্য মূল্য পরিশোধ করেই চলাচলের একটি মানবিক সমাধান চান বলে জানান ভুক্তভোগীরা।
তবে এ বিষয়ে ধীরেন শীল, সুধীর শীল ও পরিমল শীলের বক্তব্য, তারা রাস্তার জন্য কোনো জমি দিতে রাজি নন। টাকা-পয়সা কিংবা অন্য কোনো কিছুর বিনিময়েও জমি দেওয়া হবে না। এ বিষয়ে কোনো ধরনের আপসেও তারা রাজি নন বলে জানিয়েছেন।
অভিযোগ সম্পর্কে চকিদার নুরুল ইসলামের সাথে যোগাযোগ করতে গেলে তাহার ছেলে মিজানুর রহমান মিজান জানান তাহার বাবা ঢাকায় রয়েছেন। রাস্তার বিষয়ে বলেন তাহার বাবার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, পুর্বে ৮ পরিবারকে হাটতে দেয়া হয়েছিল এখন ফৌজদারী মামলা চলে তাই তাদের হাটতে দেয়া হবে না। ঐ আট পরিবার যে সাঁকো দিয়ে চলাচলের পথ তৈরি করেছিল তা তাহারা কেটে নিয়েছে এক সাংবাদিক ও রাজনৈতিক নেতার কথায়। তাহারা এখানে উপস্থিত ছিল বলেও দাবী করেন তিন। কোন সমঝোতা করবেন না বলেও জানন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রশ্ন—একটি রাস্তার অভাবে আর কত দিন আটটি পরিবারের মানুষকে এমন অবরুদ্ধ জীবন কাটাতে হবে? শিশুদের শিক্ষার অধিকার, অসুস্থ মানুষের চিকিৎসাসেবা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলের অধিকার কি এভাবে বাধাগ্রস্ত হতে থাকবে?
তারা বলেন, কারও সঙ্গে বিরোধ সৃষ্টি করা কিংবা কারও জমি জোরপূর্বক দখল করা তাদের উদ্দেশ্য নয়। তারা শুধু চান, আলোচনার মাধ্যমে জমির ন্যায্য মূল্য পরিশোধ করে অথবা প্রশাসনের উদ্যোগে আইনসম্মত কোনো বিকল্প ব্যবস্থা করে চলাচলের একটি পথ নিশ্চিত করা হোক।
দীর্ঘ ২০ বছরের এই দুর্ভোগের অবসানে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।
তাদের প্রত্যাশা, প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শুনবে এবং মানবিক ও আইনসম্মত সমাধানের উদ্যোগ নেবে। আটটি পরিবারের শিশুদের নির্বিঘ্নে বিদ্যালয়ে যাওয়া, অসুস্থ মানুষের দ্রুত চিকিৎসা পাওয়া এবং সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ নিশ্চিত হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News