ছবি: সংগৃহীত
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘জলসা’ নিয়ে নতুন করে পারিবারিক সম্পত্তি বিরোধ সামনে এসেছে। বাংলোটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমলা বচ্চন। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে তাঁর অজান্তে একটি উপহার দলিলের মাধ্যমে সম্পত্তিটি জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ এখন মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতির উপ-নিবন্ধকের কার্যালয় পর্যন্ত গড়িয়েছে। গত সাত মাসে এ বিষয়ে একাধিক অভিযোগ জমা দিয়েছেন রমলা। বর্তমানে অভিযোগগুলোর ভিত্তিতে আনুষ্ঠানিক শুনানি চলছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ১৯৯৩ সালের একটি উপহার দলিল বা গিফট ডিড। রমলা বচ্চনের দাবি, মূল সম্পত্তিটি তাঁর নামে নিবন্ধিত ছিল। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই গোপনে দলিল তৈরি করে বাংলোটির মালিকানা জয়া বচ্চনের নামে স্থানান্তর করা হয়।
এ নিয়ে সরকারি ও হাউজিং সোসাইটির নথিতেও অসংগতি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম থাকলেও মহারাষ্ট্র সরকারের প্রপার্টি কার্ডে এখনও রমলা বচ্চনের নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।
দলিলটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন রমলা। তাঁর অভিযোগ, ১৯৯৩ সালে তৈরি ওই দলিলটি আনুষ্ঠানিক স্ট্যাম্প পেপারে করা হয়নি। বরং সাধারণ সাদা কাগজে তৈরি করা হয়েছিল। এতে স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি এবং আইনি সাক্ষীর স্বাক্ষরও ছিল না বলে দাবি তাঁর।
এ ছাড়া মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’র আওতায় পরবর্তী সময়ে ওই দলিল নিয়মিত করার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে উপ-নিবন্ধক ফৈয়াজ মুলানি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুনানি চলছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। তবে এখনো মালিকানা কিংবা দলিলের বৈধতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, এ বিষয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিষেক বচ্চনের এক মুখপাত্রও বিষয়টিকে পারিবারিক অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, মুম্বাইয়ের জুহুতে অবস্থিত ‘জলসা’ শুধু অমিতাভ বচ্চনের আবাসস্থল নয়, তাঁর ভক্তদের কাছেও বিশেষ আবেগের জায়গা। প্রতি রোববার এই বাংলোর বাইরে এসে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে তাঁর।
এখন সম্পত্তির মালিকানা নিয়ে এই পারিবারিক বিরোধ শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেদিকেই নজর বিনোদনজগতের।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News