ছবি: সংগৃহীত
বরগুনার আমতলীতে পুলিশ কর্মকর্তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে একটি চেয়ারের তোয়ালের কিছু অংশ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ও সরঞ্জাম।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন রোববার সকালে বিষয়টি জানাজানি হয়।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর কক্ষের চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে টেবিলের ওপর থাকা মোটা কাচের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কার্যালয়টি।
ঘটনার সময় কার্যালয়ের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর কক্ষে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে হিসাব শাখার কক্ষ খুলে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান তিনি। পরে হিসাব শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ অন্যদের বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ সময় একটি খালি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা তাঁর দপ্তরের হিসাব শাখার পেছনের জানালা ভেঙে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) আমতলী থানায় দায়িত্ব পালনকালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। তাঁদের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুলিশ কর্মকর্তাকে অশালীন ভাষায় কথা বলার পাশাপাশি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারা জোরদারের জন্যও লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরপর দুটি ঘটনায় আমতলীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনা এবং এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News