ছবি: সংগৃহীত
যৌতুক ও বাল্যবিয়ে নিবন্ধন করলে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার বা কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিয়ের আগে বর-কনের বয়স যথাযথভাবে যাচাই এবং নিয়ম মেনে বিয়ে নিবন্ধনের জন্য কাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চবিদ্যালয় মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে আসাদুল হাবিব দুলু বলেন, যৌতুকের বিয়ে ও বাল্যবিয়ে নিবন্ধন করলে লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের আগে বর-কনের সঠিক বয়স যাচাই করতে হবে। পাশাপাশি বিয়ে নিবন্ধনের পর অনুষ্ঠানে বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, ভালো পোশাক কিংবা সুন্দর চেহারা দিয়ে একজন মানুষের ভালোত্ব বিচার করা যায় না। অপরাধমুক্ত মানুষই প্রকৃত অর্থে ভালো মানুষ। বর্তমানে সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে।
তিনি আরও বলেন, শুধু রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণ করলেই প্রকৃত উন্নয়ন হয় না। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানুষের নৈতিক ও মানবিক উন্নয়নও জরুরি। সামাজিক আন্দোলনের মাধ্যমে অপরাধমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে। তাহলেই গড়ে উঠবে আলোকিত লালমনিরহাট।
মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঘুষ ও মাদকের টাকা দান করে সামাজিক সম্মান পাওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। মাদক গ্রহণের পাশাপাশি ধর্মীয় অনুশাসন পালনের মধ্যে যে বৈপরীত্য রয়েছে, তা উপলব্ধি করতে হবে। প্রত্যেক মানুষকে নিজের বিবেককে সবচেয়ে বড় পাহারাদার হিসেবে গড়ে তুলতে হবে।
‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের কার্যক্রমের কথা তুলে ধরে তিনি জানান, এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকেরা। তাঁরা লালমনিরহাটের কার্যক্রম দেখে নিজেদের জেলায়ও এ ধরনের উদ্যোগ চালুর প্রত্যয় ব্যক্ত করেছেন।
আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্যসচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব সজীব।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News