ছবি সংগৃহীত
ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন ওই গ্রামের বাসিন্দা এবং চণ্ডীপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক করিম উল্লাহ মাস্টারের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন। মামলায় সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুলকে প্রধান আসামি, আব্দুল্লাহ আল মামুনকে দ্বিতীয় এবং ভুক্তভোগীর সাবেক স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে মৌসুমীকে তৃতীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে প্রায় ছয় থেকে সাত মাস আগে সাহেব আলীর সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে তার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও অভিযুক্তদের হাতে পৌঁছায়।
অভিযোগ করা হয়েছে, এসব ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সাহেব আলীকে ভয়ভীতি দেখানো হয়। গত ১৫ অক্টোবর প্রথমে ভিডিও পাঠিয়ে হুমকি দেওয়া হয়। পরে ২০ অক্টোবর এক লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২৯ অক্টোবর ও ১ নভেম্বর ফেসবুকের দুটি আইডি থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের অভিযোগও আনা হয়েছে।
বাদী সাহেব আলীর দাবি, প্রথমে পাঁচ লাখ, পরে তিন লাখ এবং একপর্যায়ে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ৫০ হাজার টাকা দেওয়ার পরও তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এ অবস্থায় তিনি আইনের আশ্রয় নেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির জানান, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News