ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির পথে চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরীর এক আনন্দঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একসঙ্গে হাঁটতে হাঁটতে পুরোনো দিনের জনপ্রিয় গান গেয়েছেন দুই তারকা। তাঁদের এই মুহূর্ত দেখে নস্টালজিয়ায় ভেসেছেন ভক্ত-অনুরাগীরা।
শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন শাবনূর। এতে দেখা যায়, সিডনির একটি পিচঢালা পথে পাশাপাশি হাঁটছেন তাঁরা। এ সময় প্রিয় বন্ধু রবি চৌধুরীর কাছে গান শোনার আবদার করেন শাবনূর। বন্ধুর আবদার রাখতে গেয়ে ওঠেন ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গানটি। তাঁর সঙ্গে কণ্ঠ মেলান শাবনূরও।
ভিডিওর সঙ্গে শাবনূর লেখেন, সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেছেন ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। রবি চৌধুরীর কণ্ঠে গানটির দুই লাইন শুনে তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন বলেও জানান।
মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের আবেগ ও স্মৃতিচারণ দেখা যায়। মনিরা মনি নামে এক ভক্ত শাবনূরকে নিজের প্রিয় তারকা উল্লেখ করে লেখেন, ‘যত প্রজন্মই আসুক, আইডল কিন্তু একটাই। নিজেই একটা ব্র্যান্ড শাবনূর।’
বিলকিস আক্তার নামে আরেক ভক্ত জানান, শাবনূরের অভিনীত সিনেমা দেখে তাঁর শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে। প্রিয় নায়িকাকে পর্দায় আগের মতো দেখতে না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি। অন্যদিকে, মহিম উদ্দিন নামে এক ভক্ত শাবনূরের সঙ্গে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে আবার একসঙ্গে দেখার ইচ্ছার কথা তুলে ধরেন।
মূলত স্টেজ শোতে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তাঁর সিডনি আসার খবর পেয়ে একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেন শাবনূর। শুক্রবার সেই পরিকল্পনা অনুযায়ী তাঁরা ঘুরে দেখেন সিডনির বিভিন্ন মনোরম স্থান। ঘোরাঘুরির ফাঁকে গান গেয়ে ওঠেন দুই তারকা।
শাবনূর ও রবি চৌধুরীর বন্ধুত্ব দীর্ঘদিনের। মজার বিষয়, দুজনের জন্মদিন একই দিন ১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তাঁরা। সিডনির ভিডিওতেও সেই দীর্ঘদিনের বন্ধুত্বের স্মৃতি তুলে ধরেছেন শাবনূর।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News