ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি সমীর বণিক (৩৭) নিখোঁজের ১২ দিনেও তাঁর সন্ধান মেলেনি। প্রযুক্তিগত সহায়তায় তাঁর মুঠোফোনের সর্বশেষ অবস্থান সাতক্ষীরায় শনাক্ত হলেও এরপর থেকে আর কোনো অবস্থান পাওয়া যায়নি। এতে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবারের সদস্য ও স্বজনেরা।
সমীর বণিক বাউফলের বগা বন্দরের ব্যবসায়ী। বগা বন্দর ও লঞ্চঘাট এলাকায় তাঁর মুদি দোকান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে বগা ফেরিঘাট থেকে ‘দশমিনা ট্রাভেলস’ নামের একটি বাসে ওঠেন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
ঘটনার চার দিন পর গত ২৩ সেপ্টেম্বর বাউফল থানায় সাধারণ ডায়েরি করেন তাঁর ভাই সঞ্জিব বণিক।
সঞ্জিব বণিক জানান, ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে সমীর তাঁর বোন পূজার মুঠোফোনে একটি বার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘কিরে ঘুমাইছো?’ পরদিন বিকেলেও তাঁদের মধ্যে কথা হয়। তখন সমীর ঢাকায় অবস্থান করছেন বলে জানিয়েছিলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সঞ্জিবের দাবি, প্রযুক্তিগত সহায়তায় মুঠোফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হলে সর্বশেষ সাতক্ষীরায় অবস্থান দেখায়। এরপর আর কোনো লোকেশন পাওয়া যায়নি। ঢাকায় অবস্থানের কথা বলার পর তাঁর ফোনের অবস্থান হঠাৎ সাতক্ষীরায় কীভাবে দেখাল, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
সমীরের ভাই আরও জানান, তাঁর ভাই ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য কিনতেন। ওই প্রতিষ্ঠানে তাঁর প্রায় পাঁচ কোটি টাকা অগ্রিম দেওয়া ছিল বলে তাঁরা জানতে পেরেছেন। এ অর্থ নিয়ে কোনো বিরোধের কারণে সমীরকে কেউ গুম করে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তবে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়ার কথা জানাননি তিনি।
সমীরের দোকানের কর্মচারী কামরুল ইসলামের ভাষ্য, বাসে ওঠার আগে সমীর মুঠোফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন। ওই ব্যক্তিকে তিনি বলেছিলেন, ‘আপনি ওখানে থাইকেন, আমি আসতেছি।’ ওই ব্যক্তি কে ছিলেন, তা জানতে চাইছে পরিবার।
সমীরের নিখোঁজের ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বাউফল সার্বজনীন কেন্দ্রীয় কালিমন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা বলেন, সমীর একজন ব্যবসায়ী এবং রক্ষাচণ্ডী মন্দিরের সহসভাপতি। দীর্ঘ সময় তাঁর সন্ধান না পাওয়ায় পরিবার ও সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাঁকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ দিন পেরিয়ে গেলেও সমীর বণিকের কোনো সন্ধান না পাওয়ায় তাঁর পরিবার দ্রুত তাঁকে খুঁজে বের করার দাবি জানিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News