ছবি: সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে পড়ার অভিযোগের পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।
সকালে মতিঝিল শাপলা চত্বরসহ রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রার্থীরা। একপর্যায়ে কয়েকটি স্থানে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। প্রশ্নফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি এবং নিয়োগ পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তাঁরা।
বিক্ষোভকারীরা বলেন, পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা আর্থিক ক্ষতি ও ভোগান্তির মুখে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ধারদেনা করে ঢাকায় এসেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে এসে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে তাঁরা হতাশ হয়েছেন। এ পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলেও দাবি করেন তাঁরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী রুমা রানা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষার্থী ধারদেনা করে এবং সারা রাত ভ্রমণ করে ঢাকায় পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা শেষে তাঁদের আবার বাড়ি ফিরতে হয়। কিন্তু শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের শারীরিক পরিশ্রম, আর্থিক ক্ষতি ও হতাশার দায় কে নেবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
রুমা রানা আরও বলেন, প্রশ্নফাঁসের অভিযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। লাখো তরুণের ভবিষ্যৎ নিয়ে এ ধরনের অনিশ্চয়তা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রেজওয়ান ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষার্থীরা মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলন করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।
প্রসঙ্গত, শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ১১তম গ্রেডের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News