ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর একটি অধিবেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ইফতেখার সরাসরি জানতে চান, ভারত কবে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে। প্রশ্নের শুরুতে কিছুটা রসিকতা করে ত্রিবেদী বলেন, এ প্রশ্নের উত্তর দিতে লাঞ্চের পর দেখা করা যেতে পারে। তবে শিক্ষার্থী আবারও প্রশ্নটি করতে চাইলে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ভারত সরকার আলোচনা করছে। এ ক্ষেত্রে একটি আইনি প্রক্রিয়া রয়েছে এবং সেই প্রক্রিয়া চলছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে না বলেও জানান তিনি।
শেখ হাসিনা কীভাবে ভারতে গেলেন, সে প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, তাঁকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে যান বলে দাবি করেন তিনি।
ত্রিবেদীর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশ সেনাবাহিনীর ছিল। ওই সময় পরিস্থিতির কারণে ভারতকে তাঁকে গ্রহণের সিদ্ধান্ত নিতে হয়েছিল। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে তখনকার বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছিল।
বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে প্রাণহানির প্রসঙ্গ তুলে ত্রিবেদী বলেন, এমন পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়, সেটিই তাঁদের প্রত্যাশা।
শেখ হাসিনার হস্তান্তরের প্রসঙ্গে তিনি আবারও বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভারতের মতো বাংলাদেশেও আইনি পদ্ধতির প্রতি সম্মান থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রশ্নোত্তর পর্বের শেষ দিকে আবারও রসিকতা করে ওই শিক্ষার্থীর কাছে নিজের ‘লাঞ্চ পাওনা’ থাকার কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News