ছবি: সংগৃহীত
বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করার সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রিজনভ্যান থেকে নামার সময় তিনি হেলমেট ছুড়ে ফেলেন এবং পরে আদালতের এজলাসে থাকা অতিরিক্ত পুলিশ সদস্যদের বের হয়ে যেতে বলেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে হাতকড়া পরানো অবস্থায় প্রিজনভ্যানে করে তাঁকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়। আদালতের সামনে পৌঁছালে হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ তাঁকে আদালতে যাওয়ার জন্য বলেন। এ সময় আখতারুজ্জামান তাঁকে না ধরার কথা বলেন।
পরে প্রিজনভ্যান থেকে নামার সময় মাথার হেলমেট ছুড়ে ফেলে দিয়ে আখতারুজ্জামান বলেন, তিনি হেলমেট এবং সরকারের ‘অবৈধ অর্ডার’ মানেন না।
এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে নেওয়া হয়। শুনানির সময় বিচারকের উদ্দেশে আখতারুজ্জামান বলেন, এজলাসে কোনো পুলিশ সদস্য যেন না থাকেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের এজলাস থেকে বের করে দেওয়া হয়।
প্রিজনভ্যানে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে হাজতখানার ইনচার্জ এসআই মো. মোরশেদ বলেন, প্রিজনভ্যান আদালতের সামনে আসার পর তিনি আখতারুজ্জামানকে ‘স্যার, চলেন আদালতে’ বলে অনুরোধ করেছিলেন। তখন তাঁকে না ধরতে বলা হয়। এরপর তিনি আর কোনো কথা বলেননি।
শুনানির সময় আখতারুজ্জামান বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়েও তাঁর বক্তব্য তুলে ধরেন। পুলিশের এক সদস্যের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন এমপি ও পরিবারের সদস্যদের সঙ্গে কয়েকটি দেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা আদালতে উল্লেখ করেন এবং বাংলাদেশের বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, বিমানবন্দরে তাঁর আচরণের পেছনে কোনো মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ অন্য আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাটি হুমকি-ধমকির পর্যায়ে পৌঁছায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News