ছবি: সংগৃহীত
প্রতারণা, জাল-জালিয়াতি ও প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমবারীন রেজাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন ফুডপান্ডার কো-ফাউন্ডার ও পরিচালক জুবায়ের সিদ্দিকী, হেড অব ক্যাটাগরি দিলারা ফারুক, ডিরেক্টর ডেলিভারি মো. তাবারেজ খান এবং সিনিয়র ম্যানেজার ও ডিরেক্টর মোহাম্মদ সাজেদুল হক।
মামলার আইনজীবী জানান, আদালতের নির্দেশে গুলশান থানা পুলিশ মামলা দুটির তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে আদালত প্রতিবেদন আমলে নিয়ে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী ‘প্রোটিন অ্যান্ড পেরিশেবল’ বা পিএনপি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বশির। গত বছরের ৩ জুলাই তিনি আদালতে মামলা দুটি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২৩ জুন ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের সঙ্গে চুক্তির পর দেশীয় ও আমদানীকৃত ফলমূল এবং সবজি সরবরাহ শুরু করেন বশির।
বাদীর অভিযোগ, শুরুতে নিয়মিত অর্থ পরিশোধ করা হলেও পরে আসামিরা জালিয়াতির আশ্রয় নেন। তাঁর এক লাখ টাকার পণ্য কেনার অর্ডারের বিপরীতে ব্যাংক হিসাবে মাত্র এক থেকে ১০০ টাকা পর্যন্ত অর্থ জমা দেওয়া হতো বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ভুয়া ব্যক্তিদের স্বাক্ষর ব্যবহার এবং একই দিনে একাধিক স্থানে ভুয়া ‘রিটার্ন টু ভেন্ডর’ বা আরটিভি স্লিপ তৈরি করে পণ্য ফেরত দেখানোর অভিযোগও রয়েছে। এসব প্রক্রিয়ার মাধ্যমে অর্থ আটকে রেখে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ফুডপান্ডা কর্তৃপক্ষ বলেছে, কর্মীদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলাগুলো মূলত একটি ব্যবসায়িক বিরোধ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তাদের দাবি, বাদী নিজের দায় এড়ানো, জ্যেষ্ঠ কর্মকর্তাদের হয়রানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রতিশোধমূলকভাবে এসব মামলা করেছেন।
আদালতের আদেশের পর এখন পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের বিষয়টি সামনে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News