ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আটজনকে আটক করেছে হল প্রশাসন। এ সময় একটি কক্ষ থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ারের বোতলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই ব্লকের অন্য একটি কক্ষে অভিযান চালাতে গেলে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান চালানো হয়।
হল প্রশাসন ও প্রক্টরিয়াল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি যৌথভাবে কক্ষটিতে অভিযান চালায়। এ সময় সাতজন শিক্ষার্থী ও একজন অতিথিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে দাবি প্রশাসনের। পরে সেখান থেকে গাঁজা, ইলেকট্রনিক সিগারেট, বিয়ারের বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কক্ষটি সিলগালা করে দিয়েছে হল প্রশাসন।
আটক ব্যক্তিদের মধ্যে ফার্মেসি, আন্তর্জাতিক সম্পর্ক, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, সমাজতত্ত্ব এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী রয়েছেন। এ ছাড়া আধুনিক ভাষা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী ও একজন অতিথিও রয়েছেন।
এদিকে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালাতে গেলে দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে ইতিহাস বিভাগের নাজমুল হাসান এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ইবরাজ হাসান মাহমুদ সামিরের বিরুদ্ধে। তবে অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষকদের চিনতে না পেরে তাঁরা নিজেদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন।
হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচ. ফারুক বলেন, অভিযানে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কক্ষটি সিলগালা করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবাসিক আসন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে হল প্রশাসন আবাসিক আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর একাডেমিক শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News