ছবি: সংগৃহীত
বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির সাত থেকে আটটি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে যোগ দেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে ইডেন মহিলা কলেজের সামনে বাসগুলো আটকে রাখা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ফাল্গুনী জাহান বৃষ্টি কলেজটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার পথে নীলাচল পরিবহণের একটি বাসে হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে কর্মী তাঁর গন্তব্য জানতে চান। সাভার যাওয়ার কথা বলার পর তাঁকে বাসে উঠতে বলা হয়। পরে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা ভাড়া দেন। তবে বাসকর্মী তাঁর কাছে ৪৫ টাকা দাবি করেন।
বৃষ্টির ভাষ্য, তিনি নিয়মিত ৩০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করেন বলে বাসকর্মীকে জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মী তাঁর দিকে ১০ টাকা ছুড়ে দেন এবং গাবতলীতে নেমে যেতে বলেন। প্রতিবাদ করলে তাঁকে ও তাঁর বাবাকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলেন বলেও অভিযোগ করেন তিনি।
বৃষ্টি আরও অভিযোগ করেন, ওই বাসকর্মী অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে তাঁকে হুমকিসূচক কথা বলেন।
ভুক্তভোগীর দাবি, তিনি নিজে থেকে বাসে ওঠেননি; বরং গন্তব্য জেনে বাসকর্মীই তাঁকে উঠতে বলেছিলেন। এরপর ভাড়া নিয়ে আপত্তি করায় তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বাস আটকে রেখে সংশ্লিষ্ট বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে এ বিষয়ে নীলাচল পরিবহণ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News