ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। হত্যাকাণ্ডের প্রায় দেড় মাস পর আগামী ২৯ নভেম্বর মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক।
তিনি জানান, মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। আগামী ২৯ নভেম্বর আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মামলার চার আসামির মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিচার হবে জুভেনাইল আদালতে। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন আদালতে। নির্ধারিত দিনে কোনো আসামি অনুপস্থিত থাকলে সে বিষয়ে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আসামিপক্ষের আইনজীবী নিয়োগের বিষয়ে পিপি বলেন, আসামিপক্ষ একটি মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ তাদের আইনি কার্যক্রম চালিয়ে যাবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের একটি পাহাড়ের নির্জন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News