ছবি: সংগৃহীত
ভূমি অফিসে অন্য দিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ এসেছেন জমির নামজারি করতে, কেউ খোঁজ নিতে নিজের আবেদনের। তাঁদের ভিড়েই বোরকা পরে হাজির হন এক নারী। পরিচয় জানতে চাইলে জানান, ভূমিসেবা নিতে এসেছেন তিনি।
তবে ওই নারী কোনো সাধারণ সেবাগ্রহীতা নন। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম। পরিচয় গোপন রেখে সাধারণ সেবাগ্রহীতার বেশে উত্তর খান ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সরেজমিনে সেবার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমি অফিসে সাধারণ মানুষ কী ধরনের সেবা পাচ্ছেন এবং সেবা নিতে গিয়ে তাঁদের কোনো ভোগান্তি, বিলম্ব, অনিয়ম বা হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, তা সরাসরি জানতেই এই পরিদর্শন করেন জেলা প্রশাসক।
বোরকা পরে অফিসে অবস্থানের সময় অন্য সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন ফরিদা খানম। তাঁদের কাছ থেকে ভূমিসেবা নিতে গিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে কি না, তা জানতে চান তিনি। পাশাপাশি নিজেও একজন সাধারণ সেবাগ্রহীতার মতো সেবা পাওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন।
এ সময় ভূমি অফিসের সার্বিক কার্যক্রমও কাছ থেকে দেখেন জেলা প্রশাসক। কর্মকর্তারা সেবাগ্রহীতাদের সঙ্গে কেমন আচরণ করছেন, সেবা পাওয়ার প্রক্রিয়া কতটা সহজ এবং সাধারণ মানুষকে কী ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এসব বিষয় তাঁর পর্যবেক্ষণে ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশনা দেন ফরিদা খানম। সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দাপ্তরিক প্রতিবেদন বা অভিযোগের পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা সরাসরি জানা গেলে সরকারি সেবার প্রকৃত চিত্র পাওয়া যায়। পরিচয় গোপন রেখে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সেই অভিজ্ঞতা আরও কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News