ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী অধিবেশনে বাংলাদেশের বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিকেলে।
প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তারেক রহমানের প্রথম ভাষণ। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে যাচ্ছেন। এর আগে তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া এই মঞ্চে ভাষণ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এবারের বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে বলে পররাষ্ট্রসচিব জানিয়েছেন। পাশাপাশি যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারের বিষয়ও উঠে আসার কথা রয়েছে।
এর মধ্যে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটও প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘ সফরের গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে উঠেছে। বুধবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু ইস্যুতেও জাতিসংঘের উচ্চপর্যায়ের এক বৈঠকে বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সেখানে তিনি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পূর্বানুমেয় অর্থায়ন, জলবায়ুবান্ধব প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগসহ পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।
জাতিসংঘের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি এবারের সফরে অর্থনৈতিক ও কূটনৈতিক যোগাযোগেও গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আজ জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই ভাষণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক ইস্যুতে অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News