ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে মৃত্যুশয্যায় থাকা মায়ের চিকিৎসার জন্য ব্যাংকে রাখা দেড় লাখ টাকা তুলে নিয়ে বড় ছেলে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে মায়ের নামে থাকা জমি নিজের নামে লিখে না দিলে ওই টাকা চিকিৎসায় দেবেন না বলেও শর্ত দিয়েছেন তিনি। এতে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীর চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনাটি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর এলাকার। ভুক্তভোগী নারীর স্বামী কয়েক বছর আগে মারা যান। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার চালানোর পাশাপাশি বাবার বাড়ি থেকে পাওয়া ওয়ারিশি সম্পত্তি বিক্রি করে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকা দুই ছেলে মোহাম্মদ আলাউদ্দিন ও সালাউদ্দিনের নামে সোনালী ব্যাংকের একটি যৌথ হিসাবে জমা রাখেন তিনি। ভবিষ্যতে নিজের চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে ওই টাকা ব্যবহারের উদ্দেশ্যেই তা রাখা হয়েছিল।
পরিবার সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে ওই নারী তৃতীয়বারের মতো স্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
রোববার সকালে চিকিৎসার জরুরি খরচ মেটাতে আলাউদ্দিন ও সালাউদ্দিন কমলনগর শাখার সোনালী ব্যাংক থেকে যৌথ হিসাবের পুরো ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। অভিযোগ, টাকা তোলার পর আলাউদ্দিন কৌশলে ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এলাকা ছেড়ে চলে যান।
পরে স্বজনেরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান, মায়ের নামে থাকা জমি তাঁর নামে লিখে না দিলে চিকিৎসার জন্য টাকা দেবেন না। এতে মায়ের চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা।
সালাউদ্দিন জানান, তাঁর বড় ভাই বেশ কিছুদিন ধরে মায়ের জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু মা এতে রাজি হননি। এখন মায়ের জীবন-মরণ সন্ধিক্ষণে চিকিৎসার টাকা আটকে জমি লিখে দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। অর্থের অভাবে মায়ের চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান বলেন, মায়ের চিকিৎসার জন্য রাখা টাকা তুলে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অমানবিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
করুণানগরের বাসিন্দা আবুল কালাম বলেন, বাবার সম্পত্তি বিক্রি করে মা সন্তানদের বিশ্বাস করে টাকা ব্যাংকে রেখেছিলেন। সেই টাকা নিয়ে মাকে চিকিৎসাহীন অবস্থায় ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এদিকে ঘটনার পর থেকে আলাউদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক। অসুস্থ মায়ের চিকিৎসার টাকা নিয়ে চলে যাওয়া এবং এ বিষয়ে শর্ত জুড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News