ছবি: সংগৃহীত
চাঁদাবাজির মামলায় পটুয়াখালীর বাউফলের দুই সাংবাদিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই সাংবাদিক হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপকূলীয় প্রতিনিধি এনামুল হক এনা ও দৈনিক জাগো জনতার বাউফল উপজেলা প্রতিনিধি মো. রিয়াজ হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, চাঁদাবাজির এ মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন এনামুল হক এনা ও রিয়াজ হোসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তাঁরা পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই বিকেলে এনামুল হক এনা, রিয়াজ হোসেনসহ কয়েকজন বাউফলের দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের একটি হিন্দু পরিবারের বাড়িতে যান। এ সময় তাঁরা নিজেদের সাংবাদিক ও গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।
বাদী রতন মণ্ডলের অভিযোগ, টাকা দিতে অপারগতা জানালে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় এক দোকানির কাছ থেকে ধার করে পরিবারটি ২০ হাজার টাকা দেয়। পরদিন আরও ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিলে অভিযুক্তরা চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ২৮ জুলাই বাউফল থানায় মামলা করেন রতন মণ্ডল। মামলায় এনামুল হক এনা ও মো. রিয়াজ হোসেনের নাম উল্লেখ করে আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, পুলিশ ইতিমধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেখানে আসামিদের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বাদী রতন মণ্ডল বলেন, ন্যায়বিচারের আশায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News