ছবি: সংগৃহীত
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতলা মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মোট ৫৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। কুমিল্লার এক পর্তুগালপ্রবাসী ব্যক্তি মাছটি কিনেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান অনলাইনের মাধ্যমে মাছটি বিক্রি করেন। এর আগে একই দিন বিকেলে পদ্মা নদীর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা এলাকায় জেলে ঠান্ডু হলদারের জালে মাছটি ধরা পড়ে।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, পদ্মা নদীতে জাল ফেলে মাছটি ধরেন জেলে ঠান্ডু হলদার। পরে বিশাল আকৃতির কাতলাটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসা হয়। তিনি জেলের কাছ থেকে মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৫ হাজার টাকায় কিনে নেন।
এরপর মাছটির ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করে বিক্রির উদ্যোগ নেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাছটির ছবি ও ভিডিও দেখে কুমিল্লার এক পর্তুগালপ্রবাসী ব্যক্তি এটি কেনার আগ্রহ প্রকাশ করেন।
পরে ওই ব্যক্তির কাছে প্রতি কেজি ২ হাজার ৬০০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়। ২২ কেজি ওজনের মাছটির মোট দাম দাঁড়ায় ৫৭ হাজার ২০০ টাকা। বিশেষ ব্যবস্থায় মাছটি কুমিল্লায় ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মাছ ব্যবসায়ী শাহজাহান বলেন, পদ্মা নদীর বড় আকৃতির কাতলাসহ মিঠাপানির মাছের চাহিদা বেশ ভালো। এসব মাছ স্বাদে ভালো হওয়ায় ক্রেতারা তুলনামূলক বেশি দাম দিতেও আগ্রহী হন।
তিনি জানান, বর্তমানে বড় মাছ বিক্রির ক্ষেত্রে অনলাইন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করার পর দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা যোগাযোগ করেন। ফলে বড় আকৃতির মাছ অনেক সময় দ্রুতই বিক্রি হয়ে যায়।
২২ কেজির এই কাতলা মাছটিও ধরা পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News