ছবি: সংগৃহীত
বান্দরবানের সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে তায়িফা সুলতানা নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বেলা তিনটার দিকে উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তায়িফা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে শিশু তায়িফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে যান।
এরপর শিশুটিকে খুঁজে বের করতে পরিবারের বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। ফুটেজে দেখা যায়, তায়িফাকে তাঁর ফুফু নার্গিস সুলতানা নিজের কক্ষে নিয়ে যাচ্ছেন।
এ তথ্যের ভিত্তিতে নার্গিসের কক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই কক্ষের একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতেই নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে তিনি শিশুটিকে হত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নার্গিস সুলতানা তাঁর ভাই ইলিয়াস খানের পরিবারের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। পরিবারের সদস্যদের ধারণা, তায়িফার মায়ের সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News