ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরের আলোচিত শিশু তুবা বিনতে অর্ণির বাবা রায়হানুল হক অনিককে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিন মাসের জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় একটি গাড়িতে করে অনিককে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, অনিককে তিন মাসের জন্য রিহ্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে তিনি যাতে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে তাঁর পরিবারের প্রয়োজনীয় বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখভাল করবে।
ইউএনও জানান, পরিবারের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি অনিকের স্ত্রীকে স্বাবলম্বী করে তুলতে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সেলাইয়ের কাজ করতে চাইলে তাঁকে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি তাঁর আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী আয়ের সুযোগ তৈরিতে সহযোগিতা করা হবে।
পরিবারটির পাশে দাঁড়াতে বিত্তবানদেরও আহ্বান জানিয়েছেন ইউএনও। তিনি বলেন, এরই মধ্যে অনেকে পরিবারটিকে সহযোগিতার আগ্রহ জানিয়েছেন। কেউ সহায়তা করতে চাইলে উপজেলা প্রশাসনের মাধ্যমে তা পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
তুবার পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তুবার পরিবারটি আলোচনায় আসে। ভিডিওতে দেখা যায়, বাজারের একটি খুঁটির সঙ্গে বাঁধা তাঁর বাবার কাছে ছুটে গিয়ে ছোট্ট তুবা নিজের হাতে তাঁকে চা ও রুটি খাওয়াচ্ছে। বাবা-মেয়ের এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এরপর পরিবারটির আর্থিক ও পারিবারিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই তুবার বাবার চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা এবং শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। অনিকের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি তাঁর স্ত্রীকে স্বাবলম্বী করা এবং তুবার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News