ছবি: সংগৃহীত
বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮ জন। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
সোমবার, ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজার ও এর আশপাশে এ হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনীবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, একটি যুদ্ধবিমান থেকে বাজারের ওপর দুটি বোমা ফেলা হয়। এতে বাজারে থাকা ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের অনেকে হতাহত হন।
রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, কিয়াউকতাওয়ের ওই বাজারটি ছিল অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। রাখাইনের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে কেনাকাটা করতে আসেন।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বাজার ও আশপাশের এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ভবন, যানবাহন এবং বাজারসংলগ্ন একটি সেতুও।
তবে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে সামরিক বাহিনী দাবি করে আসছে, তাদের বিমান হামলার লক্ষ্য থাকে সামরিক স্থাপনা বা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী।
মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও সরকারবিরোধী বাহিনীর সংঘাত চলছে। রাখাইনে আরাকান আর্মিও দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে।
সাম্প্রতিক বছরগুলোতে রাখাইনের বিভিন্ন এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কিয়াউকতাও শহরও আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর একটি।
সীমান্তবর্তী এই অঞ্চলে নতুন করে বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News