ছবি: সংগৃহীত
ভারতের হায়দরাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটার কার্যালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন যুব কংগ্রেসের নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ২০ জনকে আটক করে পুলিশ। তবে আটকের তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
শুক্রবার (২০ নভেম্বর) হায়দরাবাদের মাধাপুর এলাকায় মেটার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
যুব কংগ্রেসের অভিযোগ, বিরোধী দল কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি পেজ আটকে রেখেছে মেটা। পাশাপাশি দলটির কিছু পোস্টও সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মেটার কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
তেলেঙ্গানা রাজ্য যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তাঁরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে এবং মেটা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে গিয়েছিলেন। কিন্তু তাঁদের ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে পুলিশ তাঁদের আটক করে।
শিব চরণ আরও অভিযোগ করেন, মেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেসের প্রচার-প্রচারণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বৈরী আচরণ করছে বলেও দাবি তাঁর।
পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা মেটার কার্যালয় চত্বরে প্রবেশ করলেও মূল ভবনে ঢুকতে পারেননি। এ সময় একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটে। তবে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ফলে এ ঘটনায় পুলিশ কোনো মামলাও করেনি।
বিক্ষোভের ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করে ভারতীয় যুব কংগ্রেস। ভিডিওতে দেখা যায়, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। একপর্যায়ে একজন ফুলের টব তুলে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। এ সময় পুলিশ তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করে, কর্মসূচি শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যে সংগঠনটির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে মেটা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তাদের প্রতিবাদের মুখেই অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। তবে অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার বিষয়ে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ও পোস্ট নিয়ন্ত্রণের অভিযোগ এবং এর প্রতিবাদে মেটার কার্যালয়ে বিক্ষোভের ঘটনা ভারতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News