ছবি: সংগৃহীত
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের সঙ্গে আলোচিত কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত ইমরান হোসেন ওরফে রতনের একটি ফোনালাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত ২ মিনিট ৩ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে রতনকে লাউড স্পিকারে মহসিনের সঙ্গে কথা বলতে শোনা যায়। কথোপকথনে সম্প্রতি একটি রাজনৈতিক মিছিলে রতনের উপস্থিতি এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে দুজনের মধ্যে কথাবার্তা হয়।
গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির একটি মিছিলে মহসিনের পেছনে রতনকে হাঁটতে দেখা যায়। ২৫ সেপ্টেম্বর ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে মহসিন সংবাদ সম্মেলন করে দাবি করেন, রতনের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক নেই এবং রতন কীভাবে মিছিলে তাঁর পেছনে ছিলেন, তা তিনি জানেন না।
এর মধ্যে ছড়িয়ে পড়া ফোনালাপে মিছিলে রতনের উপস্থিতি এবং সংবাদ প্রকাশের বিষয় নিয়ে তাঁদের কথোপকথন শোনা যায়। রতন কথোপকথনে ‘রুবেল ভাইয়ের প্রোগ্রাম’-এর কথা উল্লেখ করেন। স্থানীয়ভাবে জানা গেছে, ওই ‘রুবেল’ হলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম ওরফে রুবেল। তবে তিনি জানিয়েছেন, বড় কর্মসূচিতে অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল; রতন কার সঙ্গে বা কীভাবে সেখানে এসেছিলেন, সে বিষয়ে তাঁর ধারণা নেই।
ফোনালাপের বিষয়ে মো. মহসিনের দাবি, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথোপকথনটি রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেন।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ফোনালাপটি তাঁদের নজরে এসেছে। বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রকে জানানো হবে।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ফোনালাপ পুলিশের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফোনালাপটি আসল কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। বিষয়টি যাচাই ও তদন্তের ওপরই ঘটনার পরবর্তী আইনগত ও সাংগঠনিক পদক্ষেপ নির্ভর করছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News