ছবি: সংগৃহীত
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই মামলায় মিজানুর রহমান নামের ৫৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় করা মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে আদালত তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকায় নিউগিনি প্রপার্টিজের কার্যালয়ে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় প্রতিষ্ঠানের সাইট প্রকৌশলী মো. পারভেজ ও নিরাপত্তাকর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা প্রতিষ্ঠানের বিভিন্ন কক্ষ ও কার্যালয়ে ঢুকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ল্যাপটপ, কম্পিউটার মনিটর, ভিডিও ধারণ ও সংরক্ষণের সরঞ্জাম, নগদ অর্থ, রড, কেবলসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে যায়। পরে কার্যালয়ের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুর করা হয়।
এই ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। তাঁর স্টুডিওসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ বলছে, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News