ছবি: সংগৃহীত
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহকের নামে বিল করা হয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। অস্বাভাবিক এ বিল নিয়ে গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হলে বিষয়টি নজরে আসে পল্লী বিদ্যুৎ সমিতির। পরে ভুল সংশোধন করে ওই গ্রাহকের বিল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৬৩ টাকা।
ঘটনাটি ঘটেছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসে। ভুক্তভোগী গ্রাহক মোছা. আলেয়া খাতুন মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের বাসিন্দা।
বিলের কপি অনুযায়ী, এক মাসে আলেয়া খাতুনের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ২৩৫ ইউনিট। এর বিপরীতে বিদ্যুৎ বিলের মূল অংশ ধরা হয় ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
শুধু তা-ই নয়, নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ মোট বিল বেড়ে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা হওয়ার কথা উল্লেখ করা হয়। গত ১০ সেপ্টেম্বর বিলটি ইস্যু করা হয় এবং পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর। বিলটিতে গ্রাহকের শ্রেণি হিসেবে ‘এলটি-এ (আবাসিক)’ উল্লেখ করা হয়েছে।
এমন বিল হাতে পেয়ে দুশ্চিন্তায় পড়েন গ্রাহক আলেয়া খাতুন। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালির কারণে এমন বিল এসেছে। অস্বাভাবিক অঙ্কের বিল তাঁকে চরম দুশ্চিন্তায় ফেলেছিল।
বিষয়টি জানাজানি হওয়ার পর মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি বিলটি সংশোধন করে। সংশোধিত বিলে ওই গ্রাহকের প্রকৃত বিল নির্ধারণ করা হয় ১ হাজার ৯৬৩ টাকা। ইতিমধ্যে গ্রাহক সেই বিল পরিশোধও করেছেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলাম বলেন, টাইপিংয়ের ভুলের কারণে এমনটি হয়েছে। এ ঘটনায় শালিখার আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিমসহ চারজনকে শোকজ করা হয়েছে। তাঁদের সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম বলেন, টাইপিংয়ের ভুলে বিলের অঙ্কে সমস্যা হয়েছে। মিটারে থাকা ইউনিটের পরিমাণ ঠিক ছিল। ভুলটি সংশোধন করে নতুন বিল দেওয়া হয়েছে।
২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বেশি বিল তৈরির ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভুল সংশোধন করা হয়েছে এবং দায়িত্বশীলদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News