ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীনগর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান।
পুলিশ জানায়, শরিফুজ্জামান সোহাগ অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, ব্যাংকের জমা স্লিপ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পর সেই অর্থ ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর গত কয়েকদিন ধরে ব্যাংকটির সামনে টাকা ফেরতের দাবিতে ভুক্তভোগী গ্রাহকদের ভিড় ও বিক্ষোভ দেখা যায়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দেন তারা।
ব্যাংক সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, গত দুই দিনে ২৩০ জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। এর মধ্যে রোববার ১৮৪ জন এবং সোমবার ৪৬ জন অভিযোগ দেন। এসব অভিযোগে এক লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত পাওনা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্টদের ধারণা, অভিযোগের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও জানা গেছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, তারা শরিফুজ্জামানের সঙ্গে ব্যক্তিগতভাবে নয়, অগ্রণী ব্যাংকের মাধ্যমেই লেনদেন করেছেন। ব্যাংকের নিয়মিত জমা স্লিপ ব্যবহার করেই তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্যাংক কার্যালয়ে এ ধরনের লেনদেন চললেও বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এল না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
গ্রেপ্তারের পর শরিফুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আত্মসাৎ করা অর্থের পরিমাণ ও এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News