ছবি: সংগৃহীত
পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দুই থেকে তিন গুণ। তবে সেই অনুপাতে উন্নয়ন হয়নি সড়কটির। মাদারীপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। চলতি বছর মহাসড়কের মাদারীপুর অংশে ২০টি দুর্ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক শ মানুষ।
দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে অন্তত ৩০ হাজার যানবাহন। সড়কটির বেহাল অবস্থায় চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কোথাও উঁচু, কোথাও নিচু। বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এসব গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনকে হেলেদুলে চলাচল করতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর সড়ক মেরামত করা হলেও কিছুদিনের মধ্যেই আবার গর্ত তৈরি হয়। তাঁদের দাবি, সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সড়কটি দীর্ঘস্থায়ী হচ্ছে না।
সাকুরা পরিবহনের চালক নজরুল ইসলাম বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে গাড়ি চালাতে সব সময় আতঙ্কে থাকতে হয়। ধীরগতিতে চালালে যাত্রীরা বিরক্ত হন, আবার গতি বাড়ালে দুর্ঘটনার ভয় থাকে।
বিএম পরিবহনের সুপারভাইজার সৈয়দ বাবুর ভাষ্য, প্রতিবছর সড়ক মেরামত করা হলেও বৃষ্টিতে আবার খানাখন্দ তৈরি হয়। অন্যদিকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী কবিতা আক্তার বলেন, সড়কের গর্ত ও খানাখন্দের কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানিয়েছে, মহাসড়কের টেকেরহাট, মোস্তফাপুর, তাঁতিবাড়ি ও ভুরঘাটা এলাকায় আরসিসি পদ্ধতিতে সড়ক মেরামতের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মোস্তফাপুর-পান্তাপাড়া হয়ে পাথুরিয়ারপাড় পর্যন্ত ৯ কিলোমিটার সড়ক টেকসইভাবে মেরামতে চলতি অর্থবছরে ৬৩ কোটি টাকা ব্যয় করা হবে।
মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খ ম নকিবুল বারি বলেন, প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে ইট, পাথর, সুরকি ও বালু দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামত করা হচ্ছে। ঠিকাদার নিয়োগের প্রক্রিয়াও শেষ হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছেন তাঁরা।
তবে স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক মেরামতের পরিবর্তে টেকসই সংস্কারের মাধ্যমে মহাসড়কটির নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News