ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিকে কেন্দ্র করে আটক অনলাইন আন্দোলন প্ল্যাটফরম ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ‘প্রতিরোধমূলক’ গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তবে একই কর্মসূচিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে শনিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার নয়াদিল্লির কনট প্লেস এলাকায় সিজেপির ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে তাঁদের আটক করা হয়। দিল্লি পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটক নেহা বোরাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হয়েছে।
অভিজিৎ দীপের অবস্থান ও তাঁর সঙ্গে আইনজীবীদের যোগাযোগের সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি। দলটির আইনি বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎকে অজ্ঞাত স্থানে রাখা হয়েছে এবং আইনজীবীরা এখনো তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, অভিজিৎকে আটকের পর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আইনজীবীদের সঙ্গেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ দলটির।
মুক্তির পর নেহা বোরা অভিযোগ করেন, কোনো বৈধ কারণ ছাড়াই বিক্ষোভকারীদের আটক করে ঘণ্টার পর ঘণ্টা হেফাজতে রাখা হচ্ছে। তাঁর দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে।
নেহা আরও বলেন, অভিজিৎ দীপসহ আটক অন্য বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাঁর ভাষ্য, তাঁরা জবাবদিহি ও ভোটাধিকারের দাবিতে আন্দোলন করছেন।
শুক্রবার সিজেপি ও আইসা উভয় সংগঠনই তাদের নেতাদের আটকের ঘটনায় উদ্বেগ জানায়। সংগঠন দুটির অভিযোগ, আটকের পর তাঁদের আইনজীবী ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। আইসার দাবি, নেহা বোরাকে মঙ্গলপুরীর অ্যান্টি-নারকোটিকস টাস্ক ফোর্সের কার্যালয়ে রাখা হয়েছিল।
তবে পুলিশি পদক্ষেপ নিয়ে সংগঠনগুলোর অভিযোগ এবং আটকের আইনগত বৈধতা সম্পর্কে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি। অভিজিৎ দীপের মামলার পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News