ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুর ঘটনায় আটক কিশোরের বাড়ি থেকে তাঁর মায়ের আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুরো ঘটনার বিস্তারিত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে আরও একটি সিসিটিভি ফুটেজে ওই কিশোরকে অপ্রতিমকে নিয়ে যেতে দেখা যায়।
ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।
শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ওই কিশোরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্র জানায়, আটকের পর কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সালমানপুর এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়।
অপ্রতিম গত শুক্রবার বিকেলে মায়ের ওই আইফোন নিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং তাকে খুঁজতে বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান চালানো হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে অপ্রতিমকে আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে—এমন তথ্য সামনে এসেছে। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, রোববার দুপুরের সংবাদ সম্মেলনে অপ্রতিমের মৃত্যুর ঘটনা, তদন্তে পাওয়া তথ্য এবং আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে অপ্রতিমের মৃত্যুতে পরিবার, স্বজন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। তদন্তের মাধ্যমে ঘটনার পুরো রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছে পরিবার ও স্থানীয়রা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News