ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার আমখোলা এলাকার রাজ্জাক প্যাদার ছেলে কাউয়ুম উদ্দিন, বয়স ৫০ বছর; একই উপজেলার অনিল মিস্ত্রির মেয়ে শিল্পী রানী, বয়স ৪০ বছর; বাউফল উপজেলার বিলবিলাস এলাকার দিয়েন মিস্ত্রির মেয়ে তিথি রানী, বয়স ২৩ বছর এবং গলাচিপার হরিদেবপুর এলাকার সোবাহানের ছেলে মিরাজ, বয়স ৩৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বরগুনার তালতলী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল ইমরান ট্রাভেলসের একটি বাস। বাসটি পটুয়াখালী সদর উপজেলার ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশা দুটিই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। আহত অন্তত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাসযাত্রী মহিবুল্লাহ বলেন, বাসটি শুরু থেকেই অনেক গতিতে চলছিল। হঠাৎ কী ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি। তবে দুর্ঘটনার পর আল্লাহ তাদের বাঁচিয়েছেন বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা এনামুল বলেন, হঠাৎ ঝপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, বাসটি খাদে পড়ে আছে এবং বাসের নিচে একটি অটোরিকশা চাপা পড়ে রয়েছে। পরে স্থানীয়রা মিলে উদ্ধারকাজ শুরু করেন এবং তিনজনের মরদেহ উদ্ধার করেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News