ছবি: সংগৃহীত
দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তাঁর একক কনসার্ট ‘অতঃপর অধরা’।
২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম একক কনসার্ট করেছিলেন মিফতাহ। সেই আয়োজনের পর নিয়মিত একক কনসার্ট করার কথা জানিয়েছিলেন তিনি। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নিজের ব্যস্ততার কারণে দুই বছর আর এমন আয়োজন করা হয়নি।
এবার সেই অপেক্ষার অবসান ঘটছে। বিকেল ৫টার দিকে শুরু হবে ‘অতঃপর অধরা’। কনসার্ট সামনে রেখে বর্তমানে নিয়মিত মহড়া করছেন মিফতাহ ও তাঁর সতীর্থরা।
মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরও বেড়েছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি।’
শিল্পকলা একাডেমির এবারের আয়োজনটি আগের কনসার্টের তুলনায় কিছুটা ছোট পরিসরে হলেও এতে নতুন কিছু গান পরিবেশনের পাশাপাশি শ্রোতাদের পরিচিত গানগুলোও থাকবে বলে জানান তিনি।
কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। ভিআইপি বা নিচের গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার বা ওপরের গ্যালারির টিকিট ৯০০ টাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো কাগুজে টিকিট থাকছে না। পুরো টিকিট প্রক্রিয়াই হবে ডিজিটাল মাধ্যমে। পেমেন্ট সম্পন্ন করার পর টিকিট সংগ্রহের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে মিফতাহ জামানের ফেসবুক পেজে।
‘অতঃপর অধরা’ কনসার্টে মিফতাহর জনপ্রিয় ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’সহ বেশ কিছু গান শোনা যাবে। পাশাপাশি তাঁর কণ্ঠে নতুন করে জনপ্রিয় হওয়া পুরোনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানও পরিবেশন করবেন তিনি।
প্রায় দুই দশক ধরে সমকালীন ও ধ্রুপদী সংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মিফতাহ জামান। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি গত বছর তিনি প্রকাশ করেন ইপি অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। চলতি বছরও তাঁর একাধিক একক গান প্রকাশিত হয়েছে অনলাইনে।
দুই বছর পরের এই একক আয়োজনকে ঘিরে তাই মিফতাহর ভক্ত-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News