ছবি: সংগৃহীত
বরিশাল নগরীতে স্বামী নুরুজ্জামান হাওলাদার (৫৫) হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগমকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সুমন কুমার আইচ জানান, নাসিমাকে গ্রেপ্তারের পর রাতেই পুলিশের একটি দল তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী কলোনির একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ভোরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নুরুজ্জামান বরিশাল আদালতের একজন আইনজীবীর মুহুরি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি বরিশাল আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের আগে কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নুরুজ্জামান ও নাসিমার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পুলিশের প্রাথমিক ধারণা, ওই বিরোধের জেরে নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর বাসার বাইরে থেকে দরজায় তালা দিয়ে নাসিমা আত্মগোপনে চলে যান বলে পুলিশের দাবি।
হত্যাকাণ্ডের পর থেকেই নাসিমা পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত নুরুজ্জামান মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মসূত্রে তিনি দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে বরিশাল নগরীর ইছাকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
নাসিমাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News