ছবি সংগৃহীত
স্বামীর সঙ্গে ডাক্তার দেখাতে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় চায়না রানী বিশ্বাস নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাস আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়া এলাকায় বিআরবি কেবলসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চায়না রানী বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রথতলা পাড়ার বাসিন্দা। তার স্বামী বিদ্যুৎ কুমার বিশ্বাসও একই এলাকার বাসিন্দা।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চায়না রানী বিশ্বাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে তাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা হন স্বামী-স্ত্রী।
কুষ্টিয়া শহরের প্রবেশমুখে বিআরবি কেবলসের সামনে মহাসড়কের ফোর লেনের একটি অংশের কাজ শেষ না হওয়ায় সড়কের বিপরীত পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চায়না রানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক সুলতান জানান, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে। তাদের শনাক্তে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News