ছবি সংগৃহীত
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রার সরবরাহে ভারসাম্য এবং কালোটাকার বিস্তার ঠেকাতে এক হাজার টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান। এতে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রাপক করা হয়েছে।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে
নোটিশদাতার বক্তব্য, পর্যাপ্ত রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া অতিরিক্ত মুদ্রা সরবরাহের কারণে টাকার ক্রয়ক্ষমতা কমতে পারে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর পড়তে পারে।
নোটিশে আরও দাবি করা হয়েছে, অর্থনীতিতে মুদ্রার সরবরাহ ও পণ্যের সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়।
আইনি নোটিশে বিষয়টিকে সংবিধানের ৩২ অনুচ্ছেদে থাকা জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও যুক্ত করা হয়েছে। নোটিশদাতার দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এক হাজার টাকার নোট বাতিলের পক্ষে নোটিশে বলা হয়েছে, উচ্চ মূল্যমানের নোট দৈনন্দিন লেনদেনে তুলনামূলকভাবে কম প্রয়োজনীয় হলেও দুর্নীতি, কর ফাঁকি ও অবৈধ অর্থ গোপনে রাখার ক্ষেত্রে এর ব্যবহার হতে পারে। বড় মূল্যমানের নোটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিপুল পরিমাণ নগদ অর্থ রাখার সুযোগ তৈরি হতে পারে বলেও দাবি করা হয়েছে।
এ বিষয়ে ভারতের দুই হাজার রুপির নোট প্রত্যাহারের উদাহরণও তুলে ধরা হয়েছে। তবে ভারতের রিজার্ভ ব্যাংক ২০২৩ সালে ওই নোট প্রত্যাহারকে ‘ক্লিন নোট পলিসি’র অংশ হিসেবে উল্লেখ করেছিল এবং তখন নোটটি বৈধ মুদ্রা হিসেবে বহাল ছিল।
নোটিশে স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং এক হাজার টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নির্ধারিত ১৫ দিনের মধ্যে দাবি অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন করার কথা জানিয়েছেন নোটিশদাতা।
মো. মাহমুদুল হাসান মামুন সুপ্রিম কোর্টের আইনজীবী। নোটিশে তিনি অর্থনীতি, মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তাঁর একাধিক ডিগ্রির কথাও উল্লেখ করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News