ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কখনও পিবিআই, কখনও ডিবি আবার কখনও পুলিশ সদস্য পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মো. শরিফ উদ্দিন রেজভি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামবাড়ি গ্রামে স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে বিকেলে তাঁকে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। শরিফ উদ্দিন রেজভি উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা-বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, শরিফ উদ্দিন নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করতেন। তাঁর পরনে পুলিশের বুট এবং কোমরে পিস্তল রাখার ব্যাগ ছিল বলেও স্থানীয়রা জানান।
ঘটনাস্থলে থাকা অ্যাডভোকেট নয়ন নাজির বলেন, পুলিশের বুট ও কোমরে পিস্তলের ব্যাগ পরা এক ব্যক্তি নিজেকে পিবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে কয়েকজনের নাম-ঠিকানা জানতে চাইলে তাঁর সন্দেহ হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে একজন আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দেন।
বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ব্যক্তিকে নিজের সহকারী নন বলে জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
অ্যাডভোকেট নয়ন নাজিরের অভিযোগ, ওই ব্যক্তি আদালতের মামলার ফাইলিং থেকে বাদী-বিবাদীর নাম, ঠিকানা ও ছবি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করতেন। পরে এসব তথ্য ব্যবহার করে কখনও পিবিআই, কখনও ডিবি আবার কখনও পুলিশ পরিচয়ে মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করতেন।
একই গ্রামের অটোরিকশাচালক অহিদ আলী অভিযোগ করেন, তাঁর মেয়ের নামে মামলা রয়েছে—এমন কথা বলে শরিফ তাঁকে আদালতের কাগজ দেখান। পরে তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিন হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছিল বলে দাবি করেন তিনি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, পুলিশ পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে শরিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News