ছবি: সংগৃহীত
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে অভিযান চালিয়েও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের অভিযোগ, বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার রাত ৮টার দিকে বগাকে গ্রেপ্তার করতে নগর ভবনে যায় খুলশী থানা পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বগা তখন মেয়রের কার্যালয়ে অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে তিনি আর কার্যালয় থেকে বের হননি।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন একপর্যায়ে নগর ভবনের ভেতরে প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে মেয়র ডা. শাহাদাত হোসেন তাকে পুলিশ সদস্যদের নিয়ে চলে যেতে বলেন। প্রায় এক ঘণ্টা অবস্থানের পর রাত ৯টার দিকে বগাকে গ্রেপ্তার না করেই নগর ভবন ত্যাগ করে পুলিশ।
এদিকে পুলিশি অভিযান চলাকালে ঘটনাস্থলে যাওয়া কয়েকজন সাংবাদিককে মেয়রের অনুসারীরা হেনস্তা করেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মেয়র নগর ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা বগার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা এখানে কী জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’
পরে সাংবাদিকেরা বিষয়টি জানতে সিএমপির উপকমিশনার (উত্তর) কার্যালয়ে গেলে সেখানে খুলশী থানার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বৈঠক চলছিল। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, ডিসি-উত্তর কার্যালয়ে নেই।
এ বিষয়ে সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সরকারি নম্বরে একাধিকবার ফোন ও এসএমএস করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে গত ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড় এলাকায় বগাকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের পর বাসার একটি গোপন পথ দিয়ে তিনি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, বগার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৩টি মামলা রয়েছে। সর্বশেষ এক সপ্তাহ আগে তাঁর গ্রুপের সদস্যদের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের সংঘর্ষে এক কিশোর গ্যাং সদস্য নিহত হওয়ার ঘটনাও ঘটে।
ঘটনার বিষয়ে পুলিশ ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News