ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকার বাসিন্দা। মামলার অপর আসামি ইকবাল হোসেন পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারী ভালুকার কাঠালী এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি শেষে আনুমানিক রাত ১০টার দিকে অটোরিকশায় করে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে অটোরিকশা থেকে নেমে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় কয়েকজন তাঁকে জোর করে ধরে নিয়ে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তাঁকে একটি বাড়িতে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, পরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। ভোরের দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর থানায় গিয়ে মামলা করেন ওই নারী।
মামলা হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহিদুল আলম জানান, অপর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News